স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে আগামীকাল অস্ত্রোপচার

 

কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে মন্দিরা রানী পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে আগামীকাল ২৪ নভেম্বর তাঁদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

মন্দিরা রানী পাল বর্তমানে বরিশালের গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালে গৌরনদী উপজেলার টরকী বন্দরের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদাম পালের সঙ্গে তাঁর বিয়ে হয়।

২০১৯ সালে প্রথমবারের মতো সুদাম পালের কিডনির জটিলতা ধরা পড়ে। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু উপযুক্ত কিডনিদাতা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবারটি। এ অবস্থায় স্বামীর প্রাণ রক্ষায় নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এই দম্পতি। এরপর গত ২৯ সেপ্টেম্বর থেকে তাঁরা দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৪ নভেম্বর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অস্ত্রোপচার যেন সফল হয় এবং দুজনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এই শিক্ষক দম্পতি।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্দিরা রানী পালের প্রশংসা করছেন। অনেকেই এই দম্পতির প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানিয়ে তাঁদের চিকিৎসার সাফল্য ও দ্রুত সুস্থতা কামনা করছেন।