ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাসভবন জবরদখলের চেষ্টার প্রতিবাদ ৩৪ বিশিষ্ট নাগরিকের

বাড়ি পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া ও জাতীয় প্রতিষ্ঠানের নামকরণের দাবি

ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধে শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের বাসভবন জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক। বাড়িটি রক্ষায় অবিলম্বে সরকারি উদ্যোগ নেওয়া এবং তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে “স্মৃতি জাদুঘর” লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি বিশেষ মহল জবরদখলের চেষ্টা করছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

**ভাষা আন্দোলনে ভূমিকা**

বিবৃতিতে নাগরিকরা বলেন, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রস্তাব আকারে উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। এ কারণে পাকিস্তানি শাসকদের বিরাগভাজন হলেও পূর্ব বাংলার ছাত্র-জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল।

**মুক্তিযুদ্ধে আত্মত্যাগ**

তারা আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর ধীরেন্দ্রনাথ দত্তকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ক্যান্টনমেন্টে মাসের পর মাস শারীরিক নির্যাতনের পর তাকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে হত্যা করা হয় তার কনিষ্ঠ পুত্রকেও।

**রাজনৈতিক জীবন**

বিবৃতিতে বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী ও জননন্দিত রাজনীতিবিদ। উপমহাদেশের স্বাধীনতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও পণ্ডিত জওহরলাল নেহরুর মতো নেতাদের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন সরকারেও গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

**রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আক্ষেপ**

নাগরিকরা আক্ষেপ করে বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশে ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি। তার নামে কোনো জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ না হওয়াও দুঃখজনক।

**দাবি**

বিবৃতিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে বাড়িটিতে জবরদখলকারীদের লাগানো সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নাম তার নামে রাখার দাবি জানান তারা।

**বিবৃতিদাতারা**

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন:

– অধ্যাপক আনু মুহাম্মদ
– অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
– খুশী কবির, নিজেরা করির সমন্বয়কারী
– ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
– আবু সাঈদ খান, লেখক ও সাংবাদিক
– অ্যাডভোকেট জেড আই খান পান্না, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
– রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান
– শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন
– ড. শহিদুল আলম, আলোকচিত্রী
– শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি
– ড. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
– ড. তানজীমউদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
– ড. শাহনাজ হুদা, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
– ড. জোবাইদা নাসরীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
– রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
– তাসনিম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
– ড. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স
– রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক
– অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
– অ্যাডভোকেট তবারক হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
– সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন
– পাভেল পার্থ, লেখক ও গবেষক
– ড. ঈশিতা দস্তিদার, নৃবিজ্ঞানী ও গবেষক
– রোজিনা বেগম, গবেষক ও অধিকারকর্মী
– অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)
– মনীন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
– জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ
– অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
– শাহেদ কায়েস, কবি ও প্রাবন্ধিক
– মিঠুন রাকসাম, কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী
– সাঈদ আহমেদ, মানবাধিকারকর্মী
– দীপায়ন খীসা, মানবাধিকারকর্মী
– ড. হানা শামস আহমেদ, অধিকারকর্মী
– মুক্তাশ্রী চাকমা, অধিকারকর্মী