যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সেমিনার

 

*লন্ডন:* বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘হোপ ফর ইউনিটি, পিস অ্যান্ড জাস্টিস’ (ঐক্য, শান্তি ও ন্যায়বিচারের প্রত্যাশা) শীর্ষক এ সেমিনারের আয়োজক ছিল সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে।

গত ৩ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে সহযোগিতা করেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জাস আথওয়াল এমপি।

সেমিনারে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি, তাঁদের নিরাপত্তা, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ইউনিভার্সিটি অব রিডিংয়ের স্কুল অব ল-এর ড. নওরিন তামান্না, সামাজিক ন্যায়বিচারকর্মী কাউন্সিলর জেসমিন চৌধুরী, শিক্ষক ও মানবাধিকারকর্মী রানা মেহের এবং সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের সভাপতি পুষ্পিতা গুপ্তা।

আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, অনুষ্ঠানটি ছিল আমন্ত্রণনির্ভর ও ব্যক্তিগত আয়োজন।

আয়োজকদের মতে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং ঐক্য, শান্তি ও ন্যায়বিচারের পক্ষে আলোচনা এগিয়ে নেওয়াই ছিল এ সেমিনারের মূল প্রতিপাদ্য।