চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ আইনজীবীর, ঢাকার কারাগারে শুধু ফলমূল খেয়ে দিন কাটছে

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কারাগারে স্থানান্তরের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। কারাগারে তিনি পর্যাপ্ত খাবার পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী দাবি করেন, ঢাকার কারাগারে নেওয়ার পর থেকে চিন্ময় কৃষ্ণ দাস শুধু ফলমূল খেয়েই দিন কাটাচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইনজীবী জানান, চিন্ময় কৃষ্ণ দাস লিভারের সমস্যায় ভুগছেন। এ কারণে তাঁর খাবারের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুসরণ করা এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সরবরাহ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

কারাগারে তাঁর শারীরিক অবস্থার যথাযথ পর্যবেক্ষণ করা হচ্ছে কি না, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে কি না এবং স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী।