নবম শ্রেণির পাঠ্যপুস্তকে স্থান পেল স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের জীবনী

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নবম শ্রেণির ‘হিন্দু ধর্ম শিক্ষা’ পাঠ্যপুস্তকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে বিংশ শতাব্দীর প্রখ্যাত বাঙালি যোগী, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বর্ণাঢ্য জীবন, ত্যাগ ও সাধনার ইতিহাস। ভক্তদের কাছে তিনি পরম শ্রদ্ধায় ‘শিবকল্পতরু’ নামে পরিচিত।

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী ‘ঋষিধাম’ এবং বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ‘ঋষিকুম্ভ ও কুম্ভমেলা’র প্রবর্তক হিসেবে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

**সাধকের জীবন**

১৯০৩ সালের ১৯ মে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাণীগ্রামে জন্ম নেন স্বামী অদ্বৈতানন্দ। সারা জীবন তিনি মানবকল্যাণ, অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার এবং সনাতন সংস্কৃতির শেকড় মজবুত করতে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত ঋষিধাম এবং পরবর্তীতে চট্টগ্রাম শহরের নন্দনকাননস্থ তুলসীধাম আশ্রম শুধু উপাসনালয় হিসেবেই সীমাবদ্ধ থাকেনি; আর্তমানবতার সেবা, অনাথ আশ্রম পরিচালনা ও শিক্ষা বিস্তারের কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। ১৯৬৬ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম শহরের নন্দনকাননস্থ শ্রীশ্রী তুলসীধামে তিনি মহাসমাধি লাভ করেন।

**গ্রন্থ ও অবদান**

তাঁর রচিত ‘দশমহাবিদ্যা’, ‘উপাসনা পদ্ধতি’, ‘গীতায় গুরুশিষ্য’ এবং ‘শিবলিঙ্গতত্ত্ব’-এর মতো গ্রন্থ আধ্যাত্মিক সাধকদের জন্য পথনির্দেশক হিসেবে বিবেচিত হয়। বাঁশখালীর গহিন অরণ্যে কঠোর তপস্যার মাধ্যমে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন, তা আজও দেশ-বিদেশের ভক্তদের অনুপ্রাণিত করছে। তাঁর প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অদ্বৈত আশ্রম ও মঠগুলো মানবসেবা, অন্নদান, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।

**সনাতনী সমাজের প্রতিক্রিয়া**

পাঠ্যপুস্তকে এই অন্তর্ভুক্তিতে গভীর সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন দেশের সচেতন সনাতনী মহল। তাঁরা মনে করেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আধ্যাত্মিক চেতনা ও নিজেদের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর ফলে দেশের হিন্দু সম্প্রদায় ও তরুণ প্রজন্ম তাদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানতে পারবে বলেও তাঁদের বিশ্বাস।

এ উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন ঋষিধামের সন্ন্যাসী, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ও বিশ্বপরিব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ। তিনি এই অন্তর্ভুক্তির সঙ্গে জড়িত সরকারি প্রশাসন ও নীতিনির্ধারকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দিত এবং এটি ঐতিহ্য সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।