হিন্দু নারী সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে বিয়ে করেছেন তিনি। গত শুক্রবার (৩০ অক্টোবর) শ্রীনগরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন তারা।

৫৬ বছর বয়সী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে লেখেন, ‘গতকাল এক নতুন যাত্রা শুরু হয়েছে।’ ওই পোস্টে তিনি নিধি রাজদানকে ট্যাগ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক ও সংবাদমাধ্যম অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ওমর আব্দুল্লাহর বাবা ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং পরিবারের সদস্য মোলি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে নিধি রাজদানের বাবা এমকে রাজদান ও মা শার্লা রাজদানও অনুষ্ঠানে অংশ নেন।

নিধি রাজদান ভারতের পরিচিত একজন সাংবাদিক ও সংবাদ উপস্থাপক। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন। বিশেষ করে এনডিটিভির সঙ্গে তার দীর্ঘ কর্মজীবন এবং সংবাদ উপস্থাপনার কারণে তিনি পরিচিতি লাভ করেন।

এর আগে ওমর আব্দুল্লাহ পায়েল আব্দুল্লাহকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। একপর্যায়ে তারা আলাদা বসবাস শুরু করেন এবং বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলাও গড়ায়। পরবর্তী সময়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিচ্ছেদ প্রক্রিয়ার আগে ওমর ও পায়েল একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। পরে তারা বিরোধ নিষ্পত্তি করে মামলা প্রত্যাহারে সম্মত হন এবং বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন।

উল্লেখ্য, ওমর আব্দুল্লাহর সাবেক স্ত্রী পায়েল আব্দুল্লাহর জন্মনাম ছিল পায়েল নাথ। তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বিয়ের পর তার নাম হয় পায়েল আব্দুল্লাহ। এবার ওমর আব্দুল্লাহর নতুন করে নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার বিষয়টি উঠে এসেছে।

সূত্র: এনডিটিভি, ঢাকা পোস্ট।