ডোমারের সোনারায়ে দুর্গাপূজা মণ্ডপে রাত জেগে পাহারায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা

ডোমারের সোনারায়ে দুর্গাপূজা মণ্ডপে রাত জেগে পাহারায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা

 আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে দুর্গোৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে পাহারার দায়িত্ব পালন করছেন। কেউ কেউ মণ্ডপ চত্বরে কিংবা খোলা মাঠে মশারি টাঙিয়ে রাত কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব যেন নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যেই নিজেদের উদ্যোগে এ পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে ডোমার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের নিরাপত্তা তৎপরতার পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোনারায় ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনে স্থানীয়দের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তপোবন টিভি | অনলাইন সংস্করণ