উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ লাখ টাকার কালীপূজার মণ্ডপ, অক্ষত সবাই

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুবিশাল কালীপূজার মণ্ডপ। শনিবার বিকেলে পাঁশকুড়া থানার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশোড়াকালি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পূজামণ্ডপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চলতি বছর ৫৯তম বর্ষে পদার্পণ করেছে এই কালীপূজা। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ব্যতিক্রমী সাজসজ্জায় নির্মাণ করা হয়েছিল বিশাল মণ্ডপ। বাঁশের কাঠামোর ওপর তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ, পাটের কারুকার্য, কাঠের গুঁড়ো ও থার্মোকলসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল মণ্ডপটি।

কিন্তু উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই ঘটে যায় ভয়াবহ বিপর্যয়। শনিবার বিকেলে মণ্ডপের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থে তৈরি সাজসজ্জার কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। মাত্র ১০ মিনিটের মধ্যেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় পুরো মণ্ডপ ও ভেতরে স্থাপিত দেবী কালীর প্রতিমা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মণ্ডপের ভেতরে শেষ মুহূর্তের বৈদ্যুতিক কাজ চলার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

আগুন লাগার পরপরই মণ্ডপের ভেতরে থাকা পূজা কমিটির সদস্য ও কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড সত্ত্বেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ও পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হঠাৎ এই বিপর্যয়ে পূজা উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে গভীর হতাশা। দীর্ঘদিনের পরিকল্পনা, শ্রম ও বিপুল অর্থ ব্যয়ে নির্মিত মণ্ডপ উদ্বোধনের আগেই এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন আয়োজকেরা।

তবে এমন ভয়াবহ পরিস্থিতিতেও দেবী কালীর পূজা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। বিকল্প ব্যবস্থায় ছোট পরিসরে হলেও ধর্মীয় রীতিনীতি মেনে পূজা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

উৎসবের আনন্দঘন মুহূর্তের ঠিক আগে এমন অগ্নিকাণ্ড স্থানীয় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে মায়ের আরাধনা অব্যাহত রাখার উদ্যোক্তাদের সিদ্ধান্তে ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।