টাইমস স্কয়ারে দুর্গাপূজার মঞ্চ থেকে শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে বিশ্বজনীন দুর্গাপূজা উৎসবের মঞ্চ থেকে শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। হিন্দু ডেমোক্রেটিক ক্লাব অব ইউএসএ (Hindu Democratic Club of USA)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ন্যায়বিচার, মানবাধিকার ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সোচ্চার হন প্রাইভেট ডিটেকটিভ ও NYPI & ASSOCIATES-এর কর্ণধার এবং HRCBM-এর মানবাধিকারকর্মী শক্তি দাশ গুপ্তা। তিনি বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান, দুর্গাপূজার উৎসবমঞ্চ থেকে যেন শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি উচ্চারিত হয়।

শক্তি দাশ গুপ্তার বক্তব্যে শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মায়ের মৃত্যুর পর ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি ও অপূর্ণ বেদনার বিষয়টিও উঠে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের প্রতিটি পূজামণ্ডপ থেকে অন্যায়ের অবসান এবং শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো উচিত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় ন্যায়সংগত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের এই কর্মসূচিতে দুর্গাপূজার ধর্মীয় ও সাংস্কৃতিক আবহের পাশাপাশি মানবাধিকার এবং ন্যায়বিচারের বিষয়টি গুরুত্ব পায়। দেশে-বিদেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে এ দাবিতে সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়।

কর্মসূচির মূল স্লোগান ছিল, “অন্যায়ের অবসান চাই, শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি চাই।”