সাত্ত্বিক দুর্গাপূজার আহ্বানে ঢাকাসহ বিভিন্ন মন্দিরে হিন্দু জাগরণ মঞ্চের প্রচারণা

সাত্ত্বিক দুর্গাপূজার আহ্বানে ঢাকাসহ বিভিন্ন মন্দিরে হিন্দু জাগরণ মঞ্চের প্রচারণা

আসন্ন শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা, পূজামণ্ডপে শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম ও অনাচার বন্ধের আহ্বান জানিয়ে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ বিভিন্ন মন্দিরে সাত্ত্বিক পূজার আহ্বানসংবলিত ফেস্টুন টাঙানো হয়।

সংগঠনটির নেতারা মনে করেন, দুর্গাপূজার মূল উদ্দেশ্য ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তি ও সাধনার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করা। তাই পূজামণ্ডপে ধর্মীয় পরিবেশ বজায় রাখা, অশালীনতা ও উচ্ছৃঙ্খলতা পরিহার এবং শাস্ত্রীয় বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে হিন্দু জাগরণ মঞ্চ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক রনি রাজবংশী, প্রতিনিধি জয় রাজবংশী, তরুণ সংগঠক টিম্পল পাল নিশান, দিবাকর বাড়ৈ, অপূর্ব চন্দ্র দাস ও অপূর্ব দেশাই।

সাত্ত্বিক দুর্গাপূজায় ১০ দফা আহ্বান

সাত্ত্বিক ও শৃঙ্খলাপূর্ণ দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ১০টি আহ্বান জানানো হয়েছে।

আহ্বানগুলো হলো, প্রতিমার সাজসজ্জা ও অবয়বে দেবীকে মাতৃরূপে উপস্থাপন করা এবং প্রতিমার পেছনের অংশেও সম্পূর্ণ রং করা; আরতির নামে ডিজে, কুরুচিপূর্ণ গান ও সব ধরনের উচ্ছৃঙ্খলতা বন্ধ করা এবং মন্দিরকে ধূমপান ও নেশামুক্ত রাখা।

এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় পূজামণ্ডপে সমবেত চণ্ডীপাঠের পাশাপাশি শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের আয়োজন, শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ধর্মীয় বিষয়ে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পূজামণ্ডপে প্রতিদিন সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ নিয়মে অঞ্জলির ব্যবস্থা করা, আলোকসজ্জাসহ অন্যান্য খরচ কমিয়ে বাজেটের একটি অংশ দিয়ে দরিদ্র ও অসহায় পরিবারকে সহায়তা করা এবং দেবী প্রতিমা নির্মাণ ও বিসর্জনে শাস্ত্রীয় বিধিবিধান অনুসরণের কথাও বলা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে মন্দির প্রাঙ্গণ ও আশপাশে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, মন্দিরের নিরাপত্তা ও সুষ্ঠু পূজা উদযাপনের দায়িত্ব শুধু প্রশাসনের নয়, বরং এ দায়িত্ব সবার। সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।