বারদী লোকনাথ আশ্রমে রাখের উপবাসের ৪র্থ পর্বে মুসলিম হুজুরের ব্রত পালন

বিশ্বাসের টানে আজও দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন বাবা লোকনাথের মন্দিরে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই বিশ্বাসের এক দৃষ্টান্ত দেখা গেল গত শনিবার (১৫ নভেম্বর) শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে।

রাখের উপবাসের ৪র্থ পর্বে সেদিন মাথায় টুপি ও মুখে দাড়ি নিয়ে এক মুসলিম হুজুরকে রাখের ব্রত পালন করতে দেখা যায়। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও তিনি অন্য ভক্তদের সঙ্গে একই সারিতে বসে ব্রত পালনে অংশ নেন। উপস্থিত ভক্তদের অনেকেই এ দৃশ্য দেখে কৌতূহল ও শ্রদ্ধা প্রকাশ করেন।

স্থানীয় সূত্র ও ভক্তদের ভাষ্য অনুযায়ী, এই আশ্রমে মুসলিম দর্শনার্থীদের আসা-যাওয়া নতুন কিছু নয়। অনেকেই মনের বাসনা পূরণের আশায় বাবার আশ্রমে আসেন, প্রার্থনা করেন এবং মানত করেন। বিশ্বাসীরা মনে করেন, বাবা লোকনাথের কাছে মানুষের পরিচয়ের চেয়ে মনের আকুতিই বড়।

বারদীর এই আশ্রম দীর্ঘদিন ধরে শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবেও পরিচিত। প্রতি বছর রাখের উপবাস, দোল পূর্ণিমা ও বিভিন্ন তিথিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে।

আশ্রম সংশ্লিষ্টরা জানান, সব ধর্মের মানুষের জন্য আশ্রমের দ্বার উন্মুক্ত। ভক্তি ও শ্রদ্ধা নিয়ে যে-ই আসুন, তাঁকেই সমান মর্যাদায় গ্রহণ করা হয়।

**জয় বাবা লোকনাথ।**