শাহবাগে মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার-মন্দিরে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, রংপুরের গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির শুরুতে মাজার-মন্দিরে হামলা, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশে ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার, আইনের শাসন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মশাল মিছিল বের করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসান সাহা সুরেশ্বরী দিপু, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. ইব্রাহিম মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহীন্দ্র কুমার নাথ, ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রান্তোষ তালুকদার, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, কানু লাল কর, অ্যাডভোকেট তরুণ লাল বেগী, নুপুর হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক, সুফি সম্প্রদায়ের মো. মাহাথির, নাসির উদ্দীন চিশতী, মুশতাক রাজাজীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি’, ‘যে হাত মন্দির ভাঙে, সে হাত ভেঙে দাও’ এবং ‘যে হাত মাজার ভাঙে, সেই হাত ভেঙে দাও’সহ নানা স্লোগান।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। অথচ বিভিন্ন সময়ে মাজার, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং মব সন্ত্রাসের ঘটনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে।

তাঁরা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার নিষ্পত্তি করতে হবে। মব তৈরি করে কাউকে আক্রমণ, নির্যাতন কিংবা হত্যা করার প্রবণতা বন্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। যেখানেই মব সন্ত্রাস সংঘটিত হবে, সেখানেই দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আইনসম্মত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান বাংলাদেশে হতে পারে না। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য, ভয়ভীতি কিংবা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মাজার ও মন্দিরসহ সব ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা।

সমাবেশে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা তাঁর মুক্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এ ছাড়া রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা শুধু একটি সম্প্রদায়ের ওপর আঘাত নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংবিধানিক অধিকারের ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।

কর্মসূচি থেকে সৌহার্দ্যের বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, রংপুরের গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার বিচার, মাজার-মন্দিরসহ সব ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, মব সন্ত্রাস ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।

বক্তারা বলেন, বাংলাদেশ কারও একার নয়, এ দেশ সব নাগরিকের। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনো ধর্মীয় সম্প্রদায়কে ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার মধ্যে রেখে একটি সম্প্রীতিময় রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।

তাঁরা সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিদ্বেষ, মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে: সৌহার্দ্যের বাংলাদেশ।