দীপাবলি ও কালীপূজার তাৎপর্য তুলে ধরে পূজা চেরীর শুভেচ্ছাবার্তা

দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। একই সঙ্গে দীপাবলির আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে মানুষের অন্তরের অন্ধকার দূর করে সত্য, সুন্দর ও শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুভেচ্ছাবার্তায় পূজা চেরী বলেন, দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর উৎসব নয়, বরং নিজের অন্তরের অজ্ঞানতা, অহংকার ও অশুভ প্রবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক পবিত্র উপলব্ধি।

মা কালীর মহিমা তুলে ধরে তিনি বলেন, মা কালী সময়ের প্রতীক, শক্তির আধার এবং অশুভ বিনাশের চিরন্তন মহাশক্তি। তাঁর আরাধনা মানে নিজের ভেতরের ভয়, দুর্বলতা ও অন্ধকারকে জয় করার সংকল্প গ্রহণ করা।

তিনি আরও বলেন, প্রকৃত দীপাবলি প্রদীপের আলোয় সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্তরের পরিবর্তনেই এর প্রকৃত সার্থকতা নিহিত। মানুষের মন থেকে অজ্ঞানতা, হিংসা, অহংকার ও অশুভ চিন্তা দূর হয়ে ভালোবাসা, মানবিকতা ও শুভবোধের আলো ছড়িয়ে পড়ুক।

শুভেচ্ছাবার্তার শেষাংশে অভিনেত্রী পূজা চেরী সবাইকে দীপাবলি ও কালীপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তাঁর এই বার্তায় দীপাবলির বাহ্যিক আলোকসজ্জার পাশাপাশি আত্মশুদ্ধি, আত্মজাগরণ এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের চিরন্তন দর্শন ফুটে উঠেছে।