কুড়িগ্রাম সরকারি কলেজে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, প্রদীপের আলোয় আলোকিত ক্যাম্পাস

অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের জয় এবং জগতের সব অন্ধকার দূর করে আলো, শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠার প্রার্থনায় কুড়িগ্রামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ সনাতনী শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৮টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস মাঠে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ এবং সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।

প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা জগতের সব অশুভ শক্তি, অন্ধকার, অজ্ঞানতা ও অকল্যাণ দূর হওয়ার পাশাপাশি মানবজীবনে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মঙ্গল প্রতিষ্ঠার প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মণ্ডল। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। এ ধরনের ধর্মীয়, সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের শুভকামনা জানান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, সনাতনী শিক্ষার্থী সংগঠনের সভাপতি বাঁধন, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শ্যামাপূজা ও দীপাবলির ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে কলেজের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মনি কিশোর রায় বলেন, শ্যামাপূজা হলো আদ্যাশক্তি মা কালীর আরাধনা। মা কালী অশুভ শক্তির বিনাশ, শক্তি, সাহস ও ন্যায়ের প্রতীক। অন্যদিকে দীপাবলি আলোর উৎসব, যা মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

তিনি বলেন, ‘তমসো মা জ্যোতির্গময়’ অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। এই দুই উৎসবের মূল শিক্ষা হলো অজ্ঞানতা থেকে জ্ঞানে, অসত্য থেকে সত্যে এবং অশুভ থেকে শুভের পথে এগিয়ে যাওয়া। মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ ও অন্ধকার দূর করে সত্য, জ্ঞান ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।

সংগঠনের সভাপতি বাঁধন বলেন, ধর্মীয় উৎসব শুধু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের মধ্যে মানবিকতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করুক, এটাই তাঁদের প্রত্যাশা। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদীপের আলো মানুষের জীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক, জগতের সব অশুভ ও অন্ধকার দূর হয়ে সবার জীবন আলোকিত হোক, এমন শুভকামনা নিয়েই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পরে গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুড়িগ্রাম সরকারি কলেজের শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয় একটি আয়োজন।