ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন উপাচার্যের

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী জগন্নাথ হলে স্থায়ীভাবে একটি সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে প্রতিমাটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী চর্চার ইতিহাসে এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে সরস্বতী প্রতিমা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল এবং দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা তাঁর জীবনে আর দেখেননি। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে তাঁরা ধর্মীয় উৎসব পালন করতে পেরেছেন। এ জন্য তিনি বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থায়ী সরস্বতী প্রতিমাটির বিশেষত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে। জগন্নাথ হলের প্রতিমা নির্মাণের কাজ সম্পন্ন হলে এটি বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পেতে পারে বলে তাঁরা আশাবাদী। এ লক্ষ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সরস্বতী পূজা উদ্‌যাপিত হলেও জগন্নাথ হলের সরস্বতী পূজার ব্যাপকতা ও আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর ভাষায়, এত বিপুলসংখ্যক সরস্বতী পূজার আয়োজন বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ ঐতিহ্য ও গৌরবের বিষয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী পূজা কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান, শিক্ষা, সৃজনশীলতা ও আলোকিত সমাজ গঠনেরও একটি অনুপ্রেরণা।

তিনি বলেন, জীবনে প্রকৃত অর্থে সমৃদ্ধ হওয়ার মানে শুধু ভালো ফলাফল কিংবা জিপিএ-৫ অর্জন করা নয়। এর পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতে শিক্ষিত হওয়াও অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য নির্ভর করে তার জ্ঞান, বিবেক ও নৈতিকতার সমন্বয়ের ওপর।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়ে উপাচার্য বলেন, আমরা সবাই বাংলাদেশি। এই দেশ শুধু মুসলমানদের নয়, কিংবা শুধু হিন্দুদেরও নয়। বাংলাদেশ সবার। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত থাকবে না, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না এবং প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন এবং জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল দীর্ঘদিন ধরেই সরস্বতী পূজার বর্ণাঢ্য আয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সেখানে সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়। হলজুড়ে প্রতিমা স্থাপন, পূজার আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা শুধু ধর্মীয় উপাসনার স্থায়ী পরিসরই তৈরি করবে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় সম্প্রীতির ইতিহাসেও নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।