ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন , সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় নাতনি আরমা দত্তের ক্ষোভ

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে অবস্থিত ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে শুক্রবার (৬ নভেম্বর) রাতে বাড়িটির সামনে গিয়ে সেখানে স্থাপিত একটি সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন দলটির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সাইনবোর্ড ভাঙার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরমা দত্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত এই বাড়িটি সংস্কার, সংরক্ষণ এবং সেখানে একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন মহল। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এই স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।

সম্প্রতি বাড়িটির সামনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত একটি সাইনবোর্ড স্থাপন করেন। তিনি পারিবারিক উত্তরাধিকারসূত্রে ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ বলে দাবি করেছেন। আরমা দত্ত শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের একমাত্র ছেলে সঞ্জিব দত্তের মেয়ে। সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছিল, ‘এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে আরমা দত্ত। পিতা মৃত সঞ্জিব দত্ত। দাগ নং ১৮০০, মৌজা ছোটরা, কুমিল্লা।’

এদিকে বাড়িটি জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবিতে শুক্রবার সন্ধ্যার পর সেখানে উপস্থিত হন এনসিপির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে তাঁরা বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন। পরে বাড়ির সামনে স্থাপিত সাইনবোর্ডটি ভেঙে গুঁড়িয়ে দেন।

এনসিপি নেতাদের দাবি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি কোনো সাধারণ স্থাপনা নয়। এটি বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। তাই বাড়িটি ব্যক্তিগত কেনাবেচার বিষয় না করে রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করা প্রয়োজন।

দলটির নেতারা অভিযোগ করেন, বাড়িটি বিক্রির প্রচেষ্টা হিসেবে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং পুরোনো স্থাপনার কিছু অংশ সরিয়ে নেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। ঐতিহাসিক বাড়িটি বিক্রি কিংবা সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ প্রতিহত করতেই তাঁরা সাইনবোর্ডটি ভেঙেছেন বলে জানান।

রাতে এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত এই স্থাপনাটি রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা উচিত। এ বিষয়ে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাত ১০টার দিকে সংবাদমাধ্যম সমকালকে এনসিপির কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার বলেন, একটি ঐতিহাসিক বাড়ি রক্ষার উদ্দেশ্যেই তাঁরা সাইনবোর্ডটি ভেঙেছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। এ উদ্যোগে সরকার এবং সম্পত্তির ওয়ারিশ হিসেবে আরমা দত্তের সহযোগিতাও তাঁরা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, ঐতিহাসিক বাড়িটি বিক্রি কিংবা সেখানে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

অন্যদিকে সাইনবোর্ড ভেঙে ফেলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন আরমা দত্ত। সংবাদমাধ্যম সমকালকে মুঠোফোনে তিনি বলেন, বাড়িটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং তিনি এর বৈধ ওয়ারিশ। বিষয়টি কুমিল্লাবাসীরও জানা। এই বাড়ি ও জমি তিনি কী করবেন, সংরক্ষণ করবেন নাকি বিক্রি করবেন, সেটি তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। তবে রাতে এভাবে একটি বাড়ির বৈধ সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করবেন বলেও জানান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে তিনি বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রাখেন। তাঁর সেই সাহসী প্রস্তাব পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃতি পায়।

১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লা শহরের ধর্মসাগর পাড়ে অবস্থিত নিজ বাসভবন থেকে ধীরেন্দ্রনাথ দত্ত এবং তাঁর ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দেশ ও জাতির জন্য তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে ধীরেন্দ্রনাথ দত্তকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর ছেলে দিলীপ কুমার দত্তের মেয়ে আরমা দত্ত পরবর্তী সময়ে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

একদিকে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থাপনা সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি, অন্যদিকে সম্পত্তির উত্তরাধিকার ও ব্যক্তিগত মালিকানার প্রশ্ন—সব মিলিয়ে ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ইতিহাস ও জাতীয় ঐতিহ্য রক্ষার স্বার্থে বাড়িটির প্রকৃত অবস্থা, মালিকানা এবং সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ উদ্যোগ ও আইনসম্মত পদক্ষেপ এখন সময়ের দাবি।

আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

খেতুরি ধামে অস্থিরতা: তালা ভেঙে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ, স্থবির স্বাভাবিক কার্যক্রম

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩২ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ সূচনা, অনুষ্ঠিত হলো ভূমিপূজা

কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন নিয়ে বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির তুলে ধরলেন শিক্ষার্থী সুদীপ্ত প্রানানিক

আরও খবর: ⁠ইতিহাস ও ঐতিহ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী আজ*

খেতুরি ধামে অস্থিরতা: তালা ভেঙে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ, স্থবির স্বাভাবিক কার্যক্রম

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩২ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী বিগ্রহ প্রতিষ্ঠার শুভ সূচনা, অনুষ্ঠিত হলো ভূমিপূজা

কেরালায় শ্রী চিন্ময়ের নতুন মূর্তি উন্মোচন, নির্মাণাধীন স্মরণ কেন্দ্র শিগগিরই উদ্বোধন

জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন নিয়ে বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নজির তুলে ধরলেন শিক্ষার্থী সুদীপ্ত প্রানানিক