ডেঙ্গুতে প্রাণ গেল জুলাই যোদ্ধা বেরোবি শিক্ষার্থী চন্দন সূত্রধরের, বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা চন্দন সূত্রধর। রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চন্দন সূত্রধরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আনন্দ সূত্রধর। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সূত্রে জানা যায়, চন্দন সূত্রধর ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনের উত্তাল সময়ে রাজপথে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তাঁর মাথায় এখনো গুলির একটি অংশ (বুলেটের অংশ) রয়ে গিয়েছিল বলে জানা গেছে। সেই সংগ্রামী সময়ের স্মৃতি ও শারীরিক আঘাত নিয়েই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত সহপাঠীরা। তাঁদের কাছে চন্দন শুধু একজন সহপাঠী ছিলেন না, ছিলেন সাহসী ও প্রাণবন্ত একজন বন্ধু। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

চন্দনের সহপাঠী আজিজুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, তা কখনো কল্পনাও করিনি। এমন একজন প্রাণবন্ত মানুষের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। আমরা এমন এক বন্ধুকে হারিয়েছি, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’

এ সময় ডেঙ্গুর ভয়াবহতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজিজুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়, এটি প্রাণঘাতী রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চন্দন সূত্রধরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন। তিনি বলেন, ‘খবরটি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। চন্দন খুব ভালো মনের একটি ছেলে ছিল এবং সে একজন সাহসী জুলাই যোদ্ধাও ছিল।’

একজন তরুণ শিক্ষার্থী হিসেবে চন্দন সূত্রধরের সামনে ছিল দীর্ঘ ভবিষ্যৎ। কিন্তু ডেঙ্গুর কাছে হার মানতে হলো তাঁকে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এই তরুণের অকালপ্রয়াণে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি শোকাহত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

চন্দন সূত্রধরের মৃত্যু আবারও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশক নিধন কার্যক্রম জোরদার এবং আক্রান্ত রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন অকালবিদায় যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, এমন প্রত্যাশা সবার।