মানিকগঞ্জে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কান্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কান্ঠাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত কৃষ্ণ কুমারকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কৃষ্ণ কুমার রায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে। কান্ঠাপাড়া বাজারে তাঁর একটি গ্রিল তৈরির ওয়ার্কশপ রয়েছে।

স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ভাষ্য, বাজারের একটি কাঠের দোকানের সামনে থাকা কাঁঠালগাছে মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের জেনারেটরের ক্যাবল পেঁচিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে কাঠের দোকানদার কবির আপত্তি জানালে কৃষ্ণ কুমার রায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কৃষ্ণ কবিরকে ঘুষি মারেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

পরে বাজারের ব্যবসায়ীরা বিকেলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলে দুই পক্ষকে জানান। এর কিছুক্ষণ পর কৃষ্ণ কুমারের ওয়ার্কশপে গিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

কৃষ্ণের পাশের গ্রিল ওয়ার্কশপের দোকানদার এলেম কাজী বলেন, বহলাতলী এলাকার কয়েকজন লোহার রড ও কাঠ দিয়ে কৃষ্ণকে মারধর করেন। পরে তিনি কয়েকজনকে নিয়ে কৃষ্ণকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হরিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ওষুধ ব্যবসায়ী স্বপন কুমার রায় বলেন, ক্যাবল রাখা নিয়ে কৃষ্ণ ও কবিরের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। কৃষ্ণ কবিরকে ঘুষি মেরেছেন বলেও তিনি শুনেছেন। পরে কৃষ্ণের দোকানে গিয়ে তাঁকে মারধর করা হয়। তবে কারা হামলা করেছেন, তা তিনি নিশ্চিত নন।

কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিমেষ বলেন, আহত অবস্থায় কৃষ্ণ কুমারকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।