আনোয়ারায় প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা-ভাঙচুর, আহত ১

চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার প্রতিমা নিতে আসা এক তরুণের সঙ্গে স্থানীয় ভ্যানচালকের কথা-কাটাকাটির জেরে প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় অপু সরকার আকাশ (২২) নামে এক তরুণকে মারধর করা হয়। পাশাপাশি শিল্পালয়ে তৈরি করে রাখা একটি কার্তিক প্রতিমার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজারে লোকনাথ আশ্রমের পাশে অবস্থিত গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত অপু সরকার আকাশ জানান, বিকেলে আনোয়ারার বারখাইন ইউনিয়ন থেকে তাঁরা গৌরী শিল্পালয়ে প্রতিমা নিতে আসেন। প্রতিমা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সাত্তারহাট সড়কের পদ্মাপুকুরপাড় এলাকায় স্থানীয় এক ভ্যানচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আর তর্কে না জড়িয়ে দ্রুত প্রতিমালয়ে ফিরে আসেন। তবে এর কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জনের একটি দল শিল্পালয়ে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে।

প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী বলেন, ঘটনার সময় তাঁরা প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ করছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জন ব্যক্তি শিল্পালয়ে ঢুকে আকাশকে মারধর করতে থাকেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন এবং গালিগালাজ করেন। এ সময় তৈরি করে রাখা একটি কার্তিক প্রতিমার হাত ভেঙে দেওয়া হয়।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, কথা-কাটাকাটির জের ধরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে শিল্পালয়ের লোকজন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ।