দুর্গাপূজা এখন বাংলাদেশের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী আমীর খসরু

দুর্গাপূজা এখন বাংলাদেশের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা এখন আর শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, বরং বাংলাদেশের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব মানুষের সমান অধিকার, সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ নিশ্চিত হবে। রাষ্ট্রের সুযোগ-সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছে দিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের জেএমসেন হলে চট্টগ্রাম জেলা পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে নিয়ে একটি দেশ গড়তে চায় সরকার। সেখানে কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং সবাই সমান সুযোগ পাবে এবং সবার অংশগ্রহণে রাষ্ট্র পরিচালিত হবে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি সমাজেই কিছু দুষ্ট লোক থাকে। তারা যেন মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, এবার দুর্গাপূজার বেশ আগেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষের মধ্যে স্বস্তি, ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ থাকলে উৎসবের আনন্দ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। সরকার এমন পরিবেশ ফিরিয়ে আনতে চায়। ছোটখাটো অসুবিধা থাকতে পারে, তবে সেগুলোকে বড় করে না দেখে দেশের সামনে থাকা সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, বন্যার মতো দুর্যোগ কিংবা ধর্মীয় উৎসব, সব পরিস্থিতিতেই চট্টগ্রাম জেলা পরিষদ মানুষের পাশে রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক, এটাই তাদের প্রত্যাশা।

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।