নারায়ণগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্ত ও ন্যায়বিচার দাবি

 

নারায়ণগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকারকে প্রাণনাশের হুমকি, অর্থ আত্মসাৎ, অপপ্রচার ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন সংগঠনের নেতারা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য।

**ফোনে হুমকির অভিযোগ**

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ নভেম্বর বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে সংগঠনের সহসভাপতি তিলোত্তমা দাসের সঙ্গে প্রদীপ কুমার সরকারের মুঠোফোনে কথা-কাটাকাটি হয়। এ সময় প্রদীপ কুমার সরকারকে মারধর ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তী সময়েও ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

**অর্থ নেওয়ার অভিযোগ**

বিজয় দাস কাব্য আরও অভিযোগ করেন, প্রায় দেড় বছর আগে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি পদ দেওয়ার আশ্বাসে শিপন সরকার বিভিন্ন সময়ে প্রদীপ কুমার সরকারের কাছ থেকে ২০, ২৫ ও ৩০ হাজার টাকা করে নিয়েছেন।

**কমিটি গঠন ও বিরোধ**

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ অক্টোবর প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে নারায়ণগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করে। ওই কমিটি শারদীয় দুর্গাপূজায় জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতা করে। তবে এরপর থেকে সংগঠনের সভাপতি ও নেতাদের নিয়ে বিরোধ সৃষ্টি এবং শুভেচ্ছা পোস্টার বিকৃত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১০ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানানো হয়।

**গীতা পরিষদের পদ নিয়ে চাপ**

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৭ মার্চ বাংলাদেশ গীতা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ কুমার সরকারকে নারায়ণগঞ্জ জেলা গীতা পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি লোকনাথ গীতা শিক্ষালয় নামে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেখানে দুই শতাধিক শিক্ষার্থী গীতা শিক্ষা গ্রহণ করছে। তবে তাঁকে ওই সংগঠনের সভাপতির পদ থেকে সরিয়ে দিতে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি ও সাংগঠনিকভাবে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

**কুপ্রস্তাবের অভিযোগ প্রসঙ্গে**

বিজয় দাস কাব্য বলেন, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সিকদার শাহজালাল ফোন করে প্রদীপ কুমার সরকারকে জানান, তিলোত্তমা দাস তাঁর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিলোত্তমা দাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান।

**উপস্থিত ছিলেন যাঁরা**

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শান্ত, সংগঠনের উপদেষ্টা রঘুনাথ মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর ও আশুতোষ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শান্তি সাহা মনা, কোষাধ্যক্ষ কৃষ্ণা সাহা, সহকোষাধ্যক্ষ মদন সাহা, প্রচার সম্পাদক স্বপন কৈরী, সহপ্রচার সম্পাদক রামু সাহা, গণসংযোগ সম্পাদক বিজয় সাহা, সহগণসংযোগ সম্পাদক বাবুল সাহা, মানবাধিকার সম্পাদক শংকর দে ও সদস্য সুবল দাসসহ অন্যরা।