কালিয়ার বেন্দারচরে হিন্দু বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ পুলিশ সুপারের

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। তাঁর অভিযোগ, এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। পুলিশ সুপারের দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, আগে ধারণ করা ভিডিও এবং এআই দিয়ে বানানো ভিডিও ছড়িয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। ওই ঘটনায় কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলাও হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রকৃত ঘটনা ঘটেছে গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে। ওই সময় বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলা হয়। অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলায় শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাঁদের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।