ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে বদলি

 

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। এতদিন তিনি ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

**গোপালগঞ্জে উত্তেজনা**

উল্লেখ্য, বদলির আদেশের দিনই রোববার গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন। এ সময় তারা শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ভয় ও আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।