হবিগঞ্জে নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধনে ইসকনকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা হুইপ জি কে গউছের

 

হবিগঞ্জে শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ইসকন মন্দিরের জন্য ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

তিনি হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মন্দিরের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে সরকার আন্তরিক। মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ, ইসকনের ভক্তবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। হুইপের অনুদান ঘোষণায় উপস্থিত ভক্তরা তাঁকে ধন্যবাদ জানান।

উদ্বোধন উপলক্ষে মন্দিরে পূজা-অর্চনা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।