ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। নতুন কেন্দ্রীয় মন্দিরে এবারই প্রথমবারের মতো শ্যামাপূজা ও দীপাবলি উদযাপনের সুযোগ পাওয়ায় আয়োজকদের মধ্যে ছিল বিশেষ আনন্দ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানকে ঘিরে সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও ভক্তদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনের অংশ হিসেবে ধুনুচি নাচ, দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বালন, মাতৃসংগীত পরিবেশন, ফানুস ওড়ানোসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভক্তি, প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন বৈরাগী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পাল।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছে। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুধু নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চাকেই এগিয়ে নেয় না, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহমর্মিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করে।

তারা আরও জানান, নতুন কেন্দ্রীয় মন্দিরে প্রথমবারের মতো এ উৎসব উদযাপনের সুযোগ পাওয়া তাদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, শ্রীশ্রী শ্যামাপূজা শক্তি, ভক্তি ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। অন্যদিকে দীপাবলি অন্ধকারের ওপর আলোর, অজ্ঞানতার ওপর জ্ঞানের এবং অশুভের ওপর শুভশক্তির বিজয়ের প্রতীক। আলো ও প্রার্থনার এই উৎসব মানুষের জীবনে শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনার বার্তা বহন করে।