সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও সমান অধিকার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে আয়োজিত এক বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। শুরুতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে উল্লেখ করে তিনি এসব নীতি বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি দেশের অন্যতম বড় অর্জন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চলছে, তখন বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছে, যা দেশের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় বহন করে। এই সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তিকেই দেশের ঐক্য, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া যাবে না।

এ সময় তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তাঁর মতে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

সব ধর্মের মানুষ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। পূজার আনুষ্ঠানিকতা শেষে এ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের পাশাপাশি বিজয়া দশমী পারস্পরিক শুভেচ্ছা, সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়েরও উপলক্ষ।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গভবনে আগত অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

সংবাদসূত্র: একাত্তর টিভি