সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন

সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলার অসহায় ও প্রবীণ মা-বাবাদের মধ্যে বস্ত্র উপহার বিতরণ করেছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। সংগঠনটির অর্থায়নে এবং বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের ২১তম মানবিক কার্যক্রমের তৃতীয় ধাপের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও প্রবীণ মানুষের হাতে শারদীয় দুর্গাপূজার উপহার তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি ক্লিনটন সরকার (বিপ্লব) বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই বস্ত্র উপহার কর্মসূচি ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র। আমরা প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় অটুট থাকে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।” এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতি প্রণব চন্দ্র ভৌমিক বলেন, মানবতার সেবা, ভালোবাসা ভাগ করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতেই এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অন্তর চন্দ্র দাস বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপহারের মাধ্যমে অসহায় ও প্রবীণ মানুষের মুখে কিছুটা আনন্দ ফোটানোই তাঁদের প্রত্যাশা। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দীপক দত্ত (দিপু) বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা। একটি নতুন বস্ত্র অসহায় মানুষের কাছে উৎসবের আনন্দ, সম্মান ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক তরুণ চন্দ্র দাস বলেন, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের সঙ্গে তাঁদের সংগঠনের এটি প্রথম যৌথ কার্যক্রম। একই সঙ্গে বস্ত্র বিতরণ কর্মসূচিটিও জেলা শাখার প্রথম উদ্যোগ। এ কার্যক্রমে অংশীদার করার জন্য তিনি প্রবাসী মহাসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটির সদস্যদের জন্য সবার আশীর্বাদ কামনা করে ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।