কুয়াকাটায় মহালয়া উপলক্ষে শতাধিক পিতৃতর্পণার্থীর তর্পণযজ্ঞ, শুরু দুর্গাপূজার প্রতীক্ষা

কুয়াকাটায় মহালয়া উপলক্ষে শতাধিক পিতৃতর্পণার্থীর তর্পণযজ্ঞ, শুরু দুর্গাপূজার প্রতীক্ষা

মহালয়া মানেই দেবী দুর্গার আগমনী বার্তা, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ ও পিতৃতর্পণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় দিনটি উদযাপিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। এ উপলক্ষে কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজন করা হয় বিশেষ তর্পণযজ্ঞের।

শনিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মাদারীপুর থেকে আসা শতাধিক পিতৃতর্পণার্থী এই যজ্ঞে অংশ নেন। চণ্ডীপাঠের মন্ত্রধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের আত্মার শান্তি কামনা এবং দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় মহালয়া।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ নিবেদন করা হয় এবং দেবী দুর্গাকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়। চণ্ডীপাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির জাগরণ এবং পরিবার, সমাজ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

মাদারীপুর থেকে কুয়াকাটায় আসা তর্পণার্থী শ্রী বিভাস ঘোষ বলেন, দেবতা, ঋষি ও পিতৃপুরুষদের সন্তুষ্টির উদ্দেশ্যে ফুল, তুলসী, তিল ও খাদ্য নিবেদনের মাধ্যমে তর্পণ করা হয়েছে। মহালয়ার এই বিশেষ দিনে মা দুর্গার কাছে তাঁর একটাই প্রার্থনা, পৃথিবী থেকে সব অশুভ শক্তি, হিংসা ও বিদ্বেষ দূর হোক। সবাই যেন শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজে বসবাস করতে পারেন।

মহালয়ার গুরুত্ব তুলে ধরে বরিশাল মুরারী সেবা ট্রাস্টের পুরোহিত পণ্ডিত প্রেমসচী গোস্বামী বলেন, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং ভক্তরা মা দুর্গার আগমনের বার্তা পান। চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে দেবীর কাছে সবার মঙ্গল কামনা করা হয়। মহালয়া শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণেরও প্রতীক। দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে ভক্তরা শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা করেন।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল বলেন, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক্ষা শুরু হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবীর আগমন ঘোটক বা ঘোড়ায় এবং গমন নৌকায়। প্রচলিত বিশ্বাসে, দেবীর নৌকায় গমন ধরিত্রীকে শস্যশ্যামলা করা, পর্যাপ্ত বৃষ্টিপাত ও সুফলা ফসলের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও জানান, দেবী দুর্গার আবাহনকে কেন্দ্র করে প্রার্থনা, ভক্তি ও আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতীক্ষা। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

এদিকে মহালয়া উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, সৈকতসহ পর্যটকদের সমাগমস্থলগুলোতে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। কোনো পর্যটক যাতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি যেকোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানান তিনি।

মহালয়ার এই পুণ্যলগ্নে কুয়াকাটায় তর্পণযজ্ঞ, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি শুরু হয়েছে। ভক্তদের প্রত্যাশা, দেবীর আগমনে অশুভের বিনাশ ঘটবে এবং পৃথিবী ভরে উঠবে শান্তি, সম্প্রীতি ও কল্যাণে।