পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: ফেনীর পুলিশ সুপার

ফেনীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপে মদপান করে মাতলামি, অশালীন আচরণ, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

পুলিশ সুপার বলেন, কোনো ব্যক্তিকে পূজামণ্ডপে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করে মেডিকেল পরীক্ষার আওতায় আনা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার পরিচয় কিংবা সামাজিক বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, নাশকতা বা দুষ্কৃতকারীদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।

এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবার ফেনীর ছয় উপজেলায় মোট ১৫৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৬৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ৭টি এবং ফুলগাজীতে ৩৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।